মূল বিষয়বস্তুতে যান
ব্রেকিং
Tuesday, 3 November 2026
Narsingdi Inside | নরসিংদী ইনসাইড

খবরের গভীরে, নরসিংদীর জন্য

নরসিংদী

শিবপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

শেখ মানিক, শিবপুর: নরসিংদীর শিবপুরে পূর্ব শত্রুতার জেরে দুটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায়…

শেখ মানিক, শিবপুর:

নরসিংদীর শিবপুরে পূর্ব শত্রুতার জেরে দুটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পুকুরের মালিক শারমিন আক্তার এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বৈলাব গ্রামের মৃত সিরাজ উদ্দিনের মেয়ে শারমিন আক্তারের বসতবাড়ি থেকে কিছুটা দূরে দোপাত্তর জোনারটেকে প্রায় ৪০ শতাংশ জমির ওপর দুটি পুকুর রয়েছে। এসব পুকুরে দেশীয় উপজাতির মলা, কই, শিং, কাংলাসহ বিভিন্ন জাতের দেশি মাছ চাষ করা হচ্ছিল। পুকুর দুটিতে আনুমানিক পাঁচ লাখ টাকার মাছ ছিল বলে দাবি করেছেন তিনি।

অভিযোগে বলা হয়, একই গ্রামের আহাম্মদের ছেলে বুরজি (৫০), বাতেন (৪০) ও বুরজির স্ত্রী সেলিনা বেগম (৩৫) আগে ওই পুকুর দুটিতে মাছ চাষ করতেন। পরবর্তী সময়ে পুকুরের মালিক শারমিন আক্তার নিজেই মাছ চাষ করার সিদ্ধান্তের কথা জানালে তাঁদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শারমিন আক্তারের অভিযোগ, গত ১৮ অক্টোবর রাতে থেকে ১৯ অক্টোবর ভোরের মধ্যে যেকোনো সময় পুকুর দুটিতে কীটনাশকজাতীয় বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে। পরে দুপুর আনুমানিক ১টার দিকে পুকুরের মাছ মরে পানিতে ভেসে ওঠার খবর পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান তিনি। সেখানে গিয়ে পুকুরের মাছ মরে ভেসে থাকতে দেখেন বলে জানান শারমিন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানোর পর শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন
Narsingdi Inside

নরসিংদী ইনসাইড প্রতিবেদক দল।

মন্তব্য লিখুন